আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে এ সংঘর্ষ হয়। এর আগে শনিবার রাতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভার চরকৈলাশ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বেলা একটার দিকে চরকিং ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের সমর্থকেরা একই ইউনিয়নের মজহরউদ্দিন গ্রামে ‘বিদ্রোহী’ প্রার্থী মহিউদ্দিন ওরফে মহিনের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির তিনটি মোটরসাইকেল ও রান্নাঘরে অগ্নিসংযোগ করে। একপর্যায়ে ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকেরা পাল্টা হামলা চালায়। এ সময় সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
‘বিদ্রোহী’ প্রার্থী মহিউদ্দিন অভিযোগ করেন, দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীকে দিয়ে দিনে-দুপুরে তাঁর বাড়িতে তাণ্ডবলীলা চালানো হয়েছে। তাঁর বৃদ্ধ বাবাও হামলাকারীদের হাত থেকে রক্ষা পাননি। গুলিতে তাঁর বাবা গুরুতর আহত হয়েছেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন। তিনি দাবি করেন, ‘বিদ্রোহী’ প্রার্থীর বাড়িতে তাঁর কোনো লোক হামলা করতে যায়নি। গতকাল দুপুরে জনতাবাজার এলাকায় তাঁর সমর্থক স্কুলশিক্ষকের ওপর হামলার পর লোকজন উত্তেজিত হয়ে ‘বিদ্রোহী’ প্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকেরা হাতিয়া পৌরসভার চরকৈলাশ এলাকায় হামলার শিকার হন। তাঁরা পৌরসভার ব্রিকফিল্ড বাজারে আওয়ামী লীগের সাবেক সাংসদ মোহাম্মদ আলীর বাসায় যাচ্ছিলেন। অভিযোগ উঠেছে, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফ উদ্দিনের কর্মী-সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। চরকৈলাশ এলাকায় সাইফ উদ্দিনের বাড়ির সামনে এ হামলা হয়। বিক্ষিপ্ত ওই হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
এ ঘটনার জের ধরে রাত সাড়ে নয়টার দিকে মোহাম্মদ আলীর অনুসারী দলীয় কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে সাইফ উদ্দিনের বাড়িতে হামলা চালান। তাঁরা বাড়ির সামনের ছয়টি দোকানঘর ভাঙচুর করেন। এ সময় বাড়ির ভেতর থেকে সাইফ উদ্দিনের সমর্থকেরা পাল্টা হামলা চালালে সংঘর্ষ বাধে। প্রায় এক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলার পর হাতিয়া থানার পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
মোহাম্মদ আলী অভিযোগ করেছেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর যাঁরাই তাঁর সঙ্গে দেখা করতে আসার চেষ্টা করেছেন, তাঁরাই সাইফ উদ্দিনের বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন। শনিবার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত অন্তত ১৫ জনের ওপর হামলা চালানো হয়। এতে লোকজন ক্ষিপ্ত হয়ে সাইফ উদ্দিনের বাড়িতে হামলা করে।
তবে সাইফ উদ্দিনের দাবি, তাঁর বাড়ির সামনের রাস্তায় কারা মোহাম্মদ আলীর লোকজনের ওপর হামলা করেছে তা তিনি জানেন না। কিন্তু সাবেক সাংসদের লোকজন পরিকল্পিতভাবে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক প্রথম আলোকে বলেন, সাইফ উদ্দিনের লোকজন সাবেক সাংসদের লোকজনের ওপর হামলার পর সাবেক সাংসদের লোকেরাও পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়। এ ছাড়া গতকাল চরকিংয়ের মজরউদ্দিন গ্রামে বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২২ মার্চ হাতিয়ার সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাতটি ইউনিয়নের ছয়টিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।