আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে ভিজিডির চাল বিতরণকে কেন্দ্র করে নওমালা বন্দর এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গত শুক্র ও গতকাল শনিবার চার দফায় পাল্টাপাল্টি ধাওয়া, মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বিশ্বাসসহ উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হন।
গতকাল দুপুরে দলীয়, স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ওই ইউনিয়নের দুস্থদের মধ্যে ভিজিডির চাল বিতরণ করা হয়। ওই সময় তালিকায় নাম আছে এমন দুই নারীকে চাল দেওয়া হয়নি। তাঁদের পক্ষ নিয়ে একই ইউপির সংরক্ষিত মহিলা সদস্য ও ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি পারুল বেগম ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের কাছে এ বিষয়ে জানতে চান। প্রশ্ন করায় ক্ষুব্ধ চেয়ারম্যান ও তাঁর লোকজন পারুল বেগমকে গালাগাল করেন ও তাঁকে মারতে উদ্যত হন। এ সময় পারুল বেগম চেয়ারম্যানকে জুতা দেখান। একপর্যায়ে পারুলের লোকজন সেখানে ছুটে যান। এ নিয়ে প্রথম দফায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এর জের ধরে ওই দিন বিকেলে দ্বিতীয় দফায় নয়ারহাট এলাকায় চেয়ারম্যানের সমর্থক মো. হাসান (২৫) নামের ছাত্রলীগের এক কর্মীকে মারধর করা হয়। এর জেরে একই দিন সন্ধ্যায় চেয়ারম্যান ও তাঁর লোকজন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শাহজাদা হাওলাদারের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও দলীয় চারটি ব্যানার ছিঁড়ে ফেলেন। গতকাল ভোরে ওই বন্দরের গ্রামীণ ব্যাংকের সামনে এসে চেয়ারম্যান ও তাঁর লোকজন শাহজাদা হাওলাদার ও পারুল বেগমকে আবার গালাগাল করেন। ওই সময় শাহজাদার লোকজন চেয়ারম্যান ও তাঁর লোকজনকে ধাওয়া দেন। চার দফার হামলা ও মারামারির ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দলীয় কোন্দলের জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।
ইউপি সদস্য পারুল বেগম বলেন, তালিকায় নাম থাকার পরও রানী বেগম ও জাহানুর বেগম নামের দুই নারীকে চাল দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাওয়ায় চেয়ারম্যান কামাল হোসেন ও তাঁর লোকজন তাঁকে গালাগাল করেন। মারার জন্যও এগিয়ে আসেন। জুতা দেখানোর বিষয়টি তিনি অস্বীকার করেন। তিনি অভিযোগ করেন, ২০১৪-১৫ অর্থবছরে তাঁর (পারুল) নামে বরাদ্দকৃত এডিপির একটি প্রকল্পের ৩৫ হাজার টাকা আত্মসাৎ করেন চেয়ারম্যান। এ নিয়ে অভিযোগ করায় তিনি তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন।
ইউপি চেয়ারম্যান কামাল হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তাঁকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, দলীয় কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।