পাবনার ঈশ্বরদীতে গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাদশা মালিথাকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পৌর ও উপজেলা আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে। এর এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ এবং পৌর কমিটির সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা। অপর পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান। সংঘর্ষের সময় আতঙ্কিত ব্যবসায়ীরা বাজারের দোকানপাট বন্ধ করে দেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমানএবং সহসভাপতি মো. রশিদুল্লার নেতৃত্বে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী একটি মিছিল বের হয়। প্রায় একই সময়ে একই ইস্যুতে পৌর কমিটির পক্ষ থেকে আরেকটি মিছিল বের হয়। মকলেছুর রহমান ও রশিদুল্লার নেতৃত্বাধীন মিছিলটি স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বাজারের প্রধান ফটকের কাছে পৌর কমিটির মিছিলের মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিপেটা করলে সংঘর্ষ শহরের কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। বর্তমানে শহরের বিভিন্ন মোড়ে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান রাত আটটার দিকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দাবি করেন, পৌর কমিটির হামলায় তাঁর পক্ষের ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাদশা মালিথাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহত ব্যক্তিরা ঈশ্বরদীতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি আরও বলেন, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মিছিলে হামলার প্রতিবাদে গতকাল তাঁদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। কিন্তু তাঁদের শান্তিপূর্ণ মিছিলে পৌর নেতা-কর্মীরা হামলা ও গুলি চালান।
এদিকে পৌর কমিটির সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা বলেন, উপজেলা কমিটির মিছিল থেকে হামলা চালানো হয়, আর দোষ চাপানো হচ্ছে তাঁদের ওপর। এখন পুলিশ তাঁদের গণগ্রেপ্তার শুরু করেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, ‘আমরা গণগ্রেপ্তার করছি না। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫টি টিয়ার শেল ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক মিছিল বের হয়। এতে অংশ নেয় পৌর আওয়ামী লীগও। একই দিন উপজেলা আওয়ামী লীগও দলীয় কার্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক সমাবেশের আয়োজন করে। যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এলে ওই দিনও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও উপজেলা আওয়ামী লীগ একটি মামলা দায়ের করে। এতে পৌর আওয়ামী লীগের ৩০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। এরপর থেকে পৌর ও উপজেলা আওয়ামী লীগের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।