নোয়াখালীর হাতিয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সোনাদিয়া ইউনিয়নের হিলটন রোডে এবং গত শুক্রবার রাতে জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
হামলায় আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন পুলিশ কনস্টেবল জসিম উদ্দিন (৩৮), ইউপি সদস্য পদপ্রার্থী বাহার উদ্দিন (৩২) এবং মো. শাহরাজ (২৫) ও আবদুর রশিদ (৬৫)।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের হিলটন রোডে গণসংযোগকালে আওয়ামী লীগের প্রার্থী নূর ইসলাম ও দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী এয়াছিন আরাফাতের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এ সময় আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ এবং বিদ্রোহী প্রার্থীর কার্যালয় ভাঙচুর করা হয়।
নূর ইসলামের অভিযোগ, নৌকা প্রতীকের স্থানীয় নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছেন বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা। একই সময় মাইজদী বাজার, বাংলাবাজার ও শেখ মার্কেট এলাকায় নৌকার নির্বাচনী কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।
এ ব্যাপারে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বিদ্রোহী প্রার্থী এয়াছিন আরাফাতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানায়, এর আগে শুক্রবার রাত ১১টার দিকে জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে আওয়ামী লীগের প্রার্থী এ টি এম সিরাজ উদ্দিন ও দলটির বিদ্রোহী প্রার্থী মাছুম বিল্লাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সংঘর্ষ থামাতে গেলে তাঁদের লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়া হয়। এতে কনস্টেবল জসিম উদ্দিনসহ দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে জাহাজমারা বাজারে এবং গতকাল সন্ধ্যায় সোনাদিয়ার হিলটন রোডে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি শুনেছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২২ মার্চ হাতিয়ার সাতটি ইউনিয়নে নির্বাচন হবে। সাতটি ইউনিয়নের ছয়টিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন। বিদ্রোহী প্রার্থীদের সবাই ও বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলীর অনুসারী। আর আওয়ামী লীগের বাকি ছয়জন প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্লাহর অনুসারী।