আ.লীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এলাকায় প্রভাব বিস্তার নিয়ে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় এক পক্ষের চারটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়

ফরিদপুরের সালথায় এলাকায় প্রভাব বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এতে নারীসহ উভয় পক্ষের ৩০ ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষে এক পক্ষের চারটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ, প্রত্যক্ষদর্শী, এলাকার কয়েকজন জানান, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ওয়াহিদুজ্জামানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় ইউসুফদিয়া বাজারে ওয়াহিদের সমর্থক মাহাবুলের সঙ্গে দেলোয়ারের সমর্থক কামরানের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে লাঠিপেটা ও পরে শটগানের গুলি ছোড়ে।
সংঘর্ষে পান্না বেগম, মাহাবুল, আনোয়ার ব্যাপারী, রাজু, শাহাজাহান মোল্লা, বক্কার, নুর আলম, মাফু, রেজাউল, আকতার হোসেন, ঈসা, ইব্রাহিম, দেলোয়ার মোল্লা, ফরহাদ শেখসহ ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেলোয়ার হোসেনের ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘বিএনপি-সমর্থিত উপজেলা চেয়ারম্যান ওয়াহিদ আওয়ামী লীগে যোগদান করে এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন। মঙ্গলবার সন্ধ্যায় আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা করলে এ সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের গুলিতে আমাদের সমর্থক বাতিন আহত হন। এ ছাড়া পুলিশের সহযোগিতায় আমাদের সমর্থকদের চারটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেন ওয়াহিদের সমর্থকেরা।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান বলেন, ‘স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে আমাদের বিরোধ অনেক দিনের পুরোনো। এ নিয়ে সংঘর্ষ যাতে না বাধে এ জন্য আমার সমর্থকদের ইউসুফদিয়া বাজারে যেতে বারণ করেছিলাম। কিন্তু এরপরও মঙ্গলবার আমার কয়েকজন সমর্থক বাজারে গেলে তাঁদের ওপর হামলা করা হয়। এর জের ধরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।’
থানার সআই মো. ওহিদুজ্জামান বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিপেটা করে ও পরে শটগানের গুলি ছোড়ে। পুলিশের উপস্থিতিতে কোনো বাড়িঘরে হামলার ঘটনা ঘটেনি। আর পুলিশের গুলিতে কেউ আহত হওয়ার তথ্য তাঁদের জানা নেই।
ইউএনও বিশ্বাস রাসেল হোসেন বলেন, পুলিশের হাতে আটক ইয়াদ আলী (৪০) ও মিলন ব্যাপারীকে (৩৫) গোলযোগ সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন।