আ.লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সর্তা খালের বালুমহাল দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। গতকাল মঙ্গলবার উপজেলার ধর্মপুর কমিটি বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুমহাল দখলকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক-সমর্থিত মোরশেদ-আসলাম পক্ষ এবং আওয়ামী লীগের প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার-সমর্থিত হারুন-শিবলু পক্ষের মধ্যে কয়েক দিন থেকে উত্তেজনা বিরাজ করছিল।
মঙ্গলবার বিকেলে কমিটি বাজার সর্তা বালুমহালে অবস্থান করছিল মোরশেদ-আসলাম পক্ষের লোকজন। এ সময় হারুন-শিবলু পক্ষের লোকজন ৩০-৪০টি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় তারা ১০-১৫টি গুলি চালায়।
কিছুক্ষণ পর চালায় মোরশেদ-আসলাম পক্ষের লোকজন পাল্টাধাওয়া করে। তারাও ১০-১৫টি গুলি ছুড়লে হারুন-শিবলু পক্ষের লোকজন রাউজান উপজেলার দিকে পালিয়ে যায়। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়।
মোরশেদ-আসলাম পক্ষের সমর্থিত কর্মী মুহাম্মদ এয়াকুব অভিযোগ করেন, ‘স্থানীয় চেয়ারম্যানের আশকারা পেয়ে দলের কিছু সুবিধাবাদী লোক সর্তার বালুমহালে লুটপাট চালানোর চেষ্টা চালাচ্ছে। আমরা তা প্রতিরোধ করতে গিয়েছিলাম।’
হারুন-শিবলু পক্ষের জমির উদ্দিনের পাল্টা অভিযোগ, বিএনপি-জামায়াতের কিছু লোক বালুমহালটি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। এটি কোনোভাবেই হতে পারে না। যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, দুই পক্ষের গোলাগুলির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ আসার খবর পেয়ে উভয় পক্ষ পালিয়ে যায়।