আ.লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি এলাকায় গতকাল রোববার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিকেলে ফিরোজশাহ এলাকায় মিছিল বের করেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের অনুসারীরা। আলতাফ হোসেনের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
স্থানীয় সূত্র জানায়, একপর্যায়ে মিছিল থেকে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল হকের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এ সময় কাউন্সিলরের অনুসারীরা মিছিলকারীদের ধাওয়া দেন। মিছিলকারীরা পাল্টা ধাওয়া দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। পরে আলতাফ হোসেনের অনুসারীরা আকবর শাহ থানা ভবনের পাশে সমাবেশ করেন।
নগর পুলিশের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। এখন পরিস্থিতি শান্ত।
আলতাফ হোসেন বলেন, ‘কাউন্সিলর জহুরুল হকের অনুসারীরা বিনা উসকানিতে আমাদের কর্মীদের ওপর হামলা চালায়।’ অন্যদিকে জহুরুল হক বলেন, আলতাফ হোসেন এলাকায় দোকান দখলের চেষ্টা করছেন। এ কারণে রোববার রাতে গুলির শব্দ শোনা যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে আলতাফ হোসেনের অনুসারীদের সাধারণ মানুষ ধাওয়া করে।
স্থানীয় সূত্র জানায়, আলতাফ হোসেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ও ওয়ার্ড কাউন্সিলর জহুরুল হক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।