আ.লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গত রোববার এ ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের তিন নেতা-কর্মী আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন ছাত্রলীগের নেতা ফখরুল আহমদ (২২) এবং কর্মী বক্কর মিয়া (২১) ও বাবলু মিয়া (২২)। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফখরুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিছুদিন ধরে করে লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলী ও সদস্য এনামুল হকের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে রোববার বিকেলে কাজিরগাঁও গ্রামে দুই পক্ষের কর্মী হাফিজ ও জুনেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যায় লামাকাজী বাজারে এনামের পক্ষের কর্মী বক্কর মিয়ার ওপর হামলা চালান রইছ আলীর পক্ষের নেতা-কর্মীরা। রাত নয়টার দিকে রইছ আলীর পক্ষের ফখরুল ইসলামের ওপর পাল্টা হামলা চালান এনামুল হকের পক্ষের নেতা-কর্মীরা।
আওয়ামী লীগের নেতা রইছ আলী জানান, এনামুল হকের পক্ষের লোকজন তাঁর লোকজনের ওপর আগে হামলা চালিয়েছেন। এনামুল হক হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।