আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলার তুলাশার ইউনিয়নের দক্ষিণ গোয়ালদি গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংর্ঘষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৮ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরীয়তপুর সদর থানা ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা কৃষক লীগের আহ্বায়ক আমিন উদ্দিন ফকির ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ ফকিরের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। আমিন উদ্দিন ফকিরের সমর্থক রাজ্জাক মোড়লের মেয়ের বিয়ে উপলক্ষে দক্ষিণ গোয়ালদি গ্রামে তাঁর বাড়িতে সাজসজ্জার কাজ চলছিল। জাহিদ ফকিরের সমর্থক কয়েকজন যুবক বুধবার সকালে সেখানে বাধার সৃষ্টি করেন। তখন তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এ সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দুই পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে ১৮ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের ১০টি বসতঘর ভাঙচুর করা হয়।
রাজ্জাক মোড়ল বলেন, ‘আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান বন্ধ করার জন্য পরিকল্পিতভাবে জাহিদ ফকিরের সমর্থকেরা বাড়িতে আক্রমণ করে।’
জাহিদ ফকির বলেন, ‘আমিন উদ্দিন ফকির বিএনপির লোকজন নিয়ে আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। তখন তাদের প্রতিরোধ করতে গিয়ে সংঘর্ষ হয়।’