আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্য পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, গোলাগুলি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশসহ ১৩ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

আহত ব্যক্তিদের মধ্যে তিন পুলিশসহ আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার, দুই উপপরিদর্শক (এসআই) মো. আসিক ও মো. ইকবাল এবং মো. শরিফ উদ্দিন। অপর আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়া শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের ছোট ভাই কেন্দ্রীয় যুবলীগের নেতা আশরাফ উদ্দিন হত্যা মামলার দুই আসামি রবীন্দ্র চন্দ্র দাশ ও মো. শানু ওরফে শানু ফকিরকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। এরপর গতকাল মঙ্গলবার মহিউদ্দিনের অপর ছোট ভাই পৌর আওয়ামী লীগের সভাপতি ছায়েফ উদ্দিন আহমদের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলে গ্রেপ্তার হওয়া দুই আসামি ছাড়াও হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলীর ফাঁসির দাবি করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মোহাম্মদ আলী হাতিয়ার সাংসদ আয়েশা ফেরদাউসের স্বামী।
এদিকে স্লোগান দেওয়ার প্রতিবাদে বুধবার বিকেলে মোহাম্মদ আলীর সমর্থকেরা উপজেলা সদরে (ওছখালি) বিক্ষোভ সমাবেশ করেন। তাঁরাও ছায়েফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ বিক্ষোভ কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে সন্ধ্যা সাতটার দিকে ছায়েফ উদ্দিনের অনুসারীরা আফাজিয়া বাজার ও খাসেরহাটে জড়ো হন। পরে তাঁরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কয়েকটি জিপগাড়ি নিয়ে উপজেলা সদর ওছখালির দিকে আসার পথে ‘ব্রিকফিল্ড’ বাজার এলাকায় মোহাম্মদ আলীর অনুসারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া এবং একে অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় মোহাম্মদ আলীর অনুসারীরা ছায়েফ উদ্দিনের গাড়িতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারাও হামলার শিকার হয়।

ছায়েফ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলীর সমর্থকেরা ওছখালিতে বিক্ষোভ সমাবেশ করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সন্ধ্যায় তিনি আফাজিয়ার দিক থেকে পৌর এলাকার বাড়িতে ফেরার পথে তাঁর গাড়িতে হামলা চালানো হয়। হামলার একপর্যায়ে তাঁর গাড়িতে অগ্নিসংযোগের পর গুলি ছোড়া হয়। এতে তাঁর দুই কর্মী গুলিবিদ্ধসহ কমপক্ষে পাঁচজন আহত হন।

মোহাম্মদ আলী বলেন, তিনি ঢাকায়। খবর পেয়েছেন এলাকায় ছায়েফ উদ্দিন সশস্ত্র সন্ত্রাসী ও ডাকাতদের নিয়ে আফাজিয়া বাজার, ব্রিকফিল্ড বাজারে দোকানপাট ভাঙচুর এবং তাঁর কর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তাঁর পাঁচজন কর্মী আহত হন। এ ঘটনায় এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁদের ধাওয়া দেন। পুলিশ তাঁদের থামাতে এসে উল্টো হামলার শিকার হয়।

হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, হত্যা মামলার আসামি গ্রেপ্তারের পর আওয়ামী লীগের দুই পক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা ছায়েফ উদ্দিন দলবল নিয়ে উপজেলার দিকে আসার পথে ব্রিকফিল্ড এলাকায় সাবেক সাংসদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষে গোলাগুলিও হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।