আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার আফাজিয়া বাজার ও মুলা মার্কেটে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষ, ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যসহ তিনজন ছররা গুলিবিদ্ধ হওয়া ছাড়াও আহত হয়েছেন আরও সাতজন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ছররা গুলিতে আহত যুবলীগের নেতা আশরাফ আহমেদ (৪৫), মো. রাসেল (৩০) ও কানাই চন্দ্র দাস (৩০) এবং পিটুনিতে আহত আবুল কালাম (৬৫), খতিজা খাতুন (৬০), মনির আহমদ (২৬) ও জাহানারা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, চর ঈশ্বর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ নিয়ে গতকাল বিকেল চারটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের অনুসারীরা ডিলার আবুল কালামকে (৬০) মুলা মার্কেটে মারধর করেন। এ খবর পেয়ে বাড়ি থেকে কালামের স্ত্রী, ছেলেসহ অন্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়।
আবুল কালাম সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলীর অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে একদল সন্ত্রাসী আফাজিয়া বাজারের একটি দোকানে এসে হামলা-ভাঙচুর চালায়। এ সময় শটগান থেকে কয়েকটি গুলি ছোড়া হয়। এতে আওয়ামী লীগের নেতা মহিউদ্দিনের ছোট ভাই যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ আহমেদসহ তিনজন ছররা গুলিতে আহত হন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পাল্টাপাল্টি হামলা চলাকালে মুলা মার্কেট ও আফাজিয়া বাজারে ছয়-সাতটি দোকানে ভাঙচুর চালানো হয়।
আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন এই ঘটনার জন্য মোহাম্মদ আলীর সমর্থকদের দায়ী করে প্রথম আলোকে বলেন, বিনা কারণে মোহাম্মদ আলীর সর্মথকেরা তাঁর ভাইয়ের ওপর অতর্কিতে হামলা চালিয়েছে। তাঁর দাবি, মুলা মার্কেটের হামলার সঙ্গে তাঁর লোকজনের কোনো সম্পর্ক নেই। খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ না করায় এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ডিলারকে মারধর করেছে।
সাবেক সাংসদ মোহাম্মদ আলী তাঁর লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বলেন, মহিউদ্দিন ও চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হালিম কার্ড ছাড়া ডিলারকে তাঁদের দেওয়া তালিকার ভিত্তিতে চাল বিতরণ করতে চাপ দেন। কিন্তু ডিলার তা করতে রাজি না হওয়ায় প্রথমে তাঁর ওপর এবং পরে তাঁর বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়। এ ঘটনার পর হামলাকারীরা আফাজিয়া বাজারে এসে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, কালাম ডিলারকে মারধরের ঘটনার জের ধরে আফাজিয়া বাজারেও হামলা-সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি কোস্টগার্ড এলাকায় টহল দিচ্ছে।