আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৮
বাগেরহাটের ফকিরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ডাকবাংলোর মোড় এবং পুরোনো রেলস্টেশন এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি শেখ হারুন অর রশিদের সমর্থকদের সঙ্গে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিরীন আক্তারের সমর্থকদের সংঘর্ষ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহত ব্যক্তিরা হলেন সোহাগ, মো. ইমরান, দারা, মতিয়ার রহমান, এনামুল, শেখ নজরুল ইসলাম, শেখ মফিদুল ইসলাম, শেখ জুয়েল, আকরাম শেখ, আবদুল খালেক, আলাউদ্দিন, শেখ কেরামত, হাসান মল্লিক, ডলার, শেখ বিল্লাল, আরজু, শাহাবুদ্দিন ও আসলাম। তাঁদের মধ্যে এনামুল, সোহাগ, দারা, ডলার, আরজু ও আলাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কল্যাণ দেবনাথ বলেন, আহত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের শরীরে ইট, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফকিরহাট থানার ওসি মো. শমসের আলী বলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহিদ হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগের বহিষ্কৃত নেতা শেখ হারুন অর রশিদের সঙ্গে জাহিদ হাসানের স্ত্রী ও সদর ইউপির চেয়ারম্যান শিরীন আক্তারের বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকবাংলোর মোড়ে হারুনের সমর্থক রুবেলের সঙ্গে শিরীন আক্তারের সমর্থক শুভর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা মারামারি শুরু করেন।
ঘটনা জানতে শিরীন আক্তার ও হারুন অর রশিদের মুঠোফোনে ফোন দিলেও তাঁরা ধরেননি।