আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাশিপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলছে।
এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান। অন্য পক্ষের নেতৃত্বে আছেন কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আজিজুর রহমান।
গত রোববার বিকেলে এড়েন্দা বাজারে আজিজুরের পক্ষের ধোপদহ গ্রামের শহিদুলকে মতিয়ারের সমর্থকেরা মারধর করেন। এর জের ধরে গতকাল সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত এড়েন্দা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ জন আহত হন। গুরুতর আহত আবদুস সাত্তার (৬০) ও নজরুল শেখকে (৫৫) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ছাড়া আজিজুর রহমান (৪২), রওশন আলী (৩৫), কিবরিয়া মোল্লা (৩৭), মান্নান খান (৫৫), গোলাম রব্বানী (৫৫) ও আমানত শেখকে (৫০) গুরুতর অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ এসে ছয়টি ফাঁকা গুলি ছুড়ে ও কাঁদানে গ্যাসের ১৪টি শেল নিক্ষেপ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আবদুল হান্নান জানান, ওই ইউনিয়নে আধিপত্য বিস্তার করতে আওয়ামী লীগের ওই দুপক্ষই দীর্ঘদিন ধরে সংঘর্ষ ও হানাহানিতে লিপ্ত রয়েছে। এটি মেটাতে অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ হচ্ছে না।
এ ব্যাপারে মুঠোফোনে মতিয়ার ও আজিজুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার সাহা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।