আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ওরসে গানের আসর আয়োজন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন। এ সময় ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।
অভিযোগ করা হয়, এ সময় লুট করা হয়েছে ১১ লাখ টাকা, ৪৫ হাজার গজ কাপড়, পাঁচটি গরু, চারটি ছাগলসহ কোটি টাকার মালামাল। শনিবার রাতে উপজেলার কাকাইলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাকাইলমোড়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও পাওয়ারলুম কারখানার মালিক শাহজাহানের লোকজনের সঙ্গে আবেদ আলী পক্ষের আগে থেকেই বিরোধ রয়েছে। কিছুদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয় আবেদ আলী। শনিবার রাতে ওই গ্রামের পীর রশিদ কারীর ওরসে গানের আসরের আয়োজন করে আবেদ আলী পক্ষ। শাহজাহানের লোকজন এতে বিরোধিতা করে। রাত ১২টায় এ নিয়ে প্রথমে আবেদ আলী পক্ষের মনিরের সঙ্গে শাহজাহান পক্ষের মোস্তফার বাগ্বিতণ্ডা হয়। এই বিতণ্ডা নিয়ে সাখাওয়াত হোসেন নামে শাহজাহান পক্ষের একজনের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মনির। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এ ঘটনা নিয়ে টেঁটা, দা ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আড়াইহাজার থানার এএসআই মাসুদসহ ৩০ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে মোয়াজ্জেম (২২), মোতালেব (২৪), শাহপরান (১৮), শাহজালাল (২৪), হারুন (২২), শাহ আলম (১৪), শাহীনূর আক্তার (২৮), লোকমানকে (৪৬) ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে আবেদ আলীর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এর জের ধরে শাহজাহান, তাঁর সমর্থক মতিন, ইয়ানুস, হোসেন, ডালিম ও আলমাসের বাড়িতে হামলা চালিয়ে সাতটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এই ছয় বাড়ির লোকজন অভিযোগ করেছেন, এ সময় হামলাকারীরা শাহজাহানের বাড়ি থেকে ১১ লাখ টাকা, ৪৫ হাজার গজ কাপড় এবং অন্যান্য বাড়ি থেকে পাঁচটি গরু, চারটি ছাগল, আসবাব, স্বর্ণালংকারসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ সংঘর্ষের পর মনিরের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি টেঁটা উদ্ধার করেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা স্বীকার করে বলেন, গতকাল দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। হামলা ও লুটপাটকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে।