নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। গত শুক্র ও গতকাল শনিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে ওই ঘটনা ঘটে। গতকালের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আটজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভবানীপুর ও সুলায়মানপুর গ্রাম দুটি উপজেলার শ্রীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের বাড়ি ভবানীপুর গ্রামে। আর ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির সুলায়মানপুর গ্রামের বাসিন্দা। দলীয় নেতৃত্ব নিয়ে এই দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ অবস্থায় গত শুক্রবার (১৬ অক্টোবর) ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নবীন লীগের কমিটি গঠনের তারিখ নির্ধারণ করা হয়। সভাস্থল নির্ধারণ করা হয় ভবানীপুর চক বাজারে। হুমায়ুন পক্ষের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন সুলাইমান গণি আর জয়নাল আবেদীন পক্ষের দেলোয়ার হোসেন।
কমিটি গঠনের উদ্দেশ্যে গত শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল মনসুর, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশতাক আহমেদ, শহর আওয়ামী লীগ সভাপতি ইফতেখার হোসেন ও যুবলীগ সভাপতি উমর ফারুক ভবানীপুর যান। এদিকে সভাস্থলে হাজির হয়ে উভয় পক্ষের সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা মিছিল বের করেন। একপর্যায়ে দুই পক্ষের মিছিল কাছাকাছি এলে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে সংঘর্ষ শুরু হলে কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। ওই সংঘর্ষে দুই পক্ষের তিনটি ঘর ও দুটি দোকান ভাঙচুর করা হয়।
ওই ঘটনার জের ধরে গতকাল সকাল সাড়ে আটটার দিকে আবার দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও র্যা ব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হুমায়ুন পক্ষের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুলাইমান গণি বলেন, ‘শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল সভাস্থলের দিকে যাচ্ছিল। প্রতিপক্ষের মিছিলের চেয়ে আমাদের মিছিল বড় ছিল। এই কারণে প্রতিহিংসা থেকে প্রতিপক্ষ আমাদের লোকজনের ওপর হামলা চালায়।’
অভিযোগ অস্বীকার করে জয়নাল আবেদীন পক্ষের দেলোয়ার হোসেন বলেন, কোনো কারণ ছাড়াই প্রতিপক্ষ তাঁদের মিছিলে হামলা চালায়।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার প্রথম আলোেক বলেন, পরবর্তী সহিংস ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।