আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।

গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে হুমায়ুন পক্ষের পারভেজ মিয়া ও জয়নাল পক্ষের আরমান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ছয়টি রাবার বুলেট ছোড়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার করা নিয়ে পক্ষ দুটির মধ্যে এক বছর ধরে উত্তেজনা চলছে। এক বছরের ব্যবধানে উভয় পক্ষ অন্তত সাতবার সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুই পক্ষের দুজন নিহত হন। একই বিষয়ে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। উভয় পক্ষ বিকেল চারটার দিকে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত ব্যক্তিদের ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, ‘সকালে জয়নাল পক্ষ আমাদের পক্ষের কয়েকজনকে মারধর করে। পরে আমরা প্রতিরোধে নামি।’

অভিযোগ অস্বীকার করে জয়নাল আবেদীন বলেন, ‘বিনা উসকানিতে হুমায়ুন পক্ষ প্রথমে আমাদের লোকজনের ওপর হামলা চালালে আমরা পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করি।’

এ ব্যাপারে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান, পক্ষ দুটিকে শান্ত করতে এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনিক ও সামাজিক উদ্যোগ নিয়েও সফল হওয়া যাচ্ছে না। পক্ষ দুটি কিছু দিন পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে ছয়টি রাবার বুলেট ছুড়তে হয়।