আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষ চলাকালে তিনটি বসতঘর ভাঙচুর করা হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আওয়ামী লীগের স্থানীয় সূত্রে জানা গেছে, বল্লভদী ইউনিয়নে আওয়ামী লীগের এক অংশের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস মোল্লা। অপর অংশের নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি দেলোয়ার কাজি।
ইউনুস মোল্লার সমর্থকেরা তিন দিন আগে দেলোয়ার কাজিকে লাঞ্ছিত করেন। এর জের ধরে গতকাল সকাল ১০টার দিকে মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে ধাওয়া করা হয়। তিনি পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু পরে তাঁর ভাই মো. মিরান মোল্লাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
এ খবর পেয়ে নুরুল ইসলামের কয়েক শ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করলে চারজন আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে নুরুলের সমর্থকেরা হামলা চালিয়ে তিনটি বসতঘর ভাঙচুর করেন।