আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
খাগড়াছড়ি শহরের শালবাগান এলাকায় দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ ৬জন আহত হয়েছে। গুরুতর আহত ৪জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার রাত আটটার দিকে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়িতরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোঃ আবদুল হান্নান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার রাত ৮টার দিকে শহরের শালবাগান আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন মুসলিম উদ্দিন, সাফিয়া বেগম, জোছনা বেগম, শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন ও খায়রুল আলম। খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে মুসলিম উদ্দিন, শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন ও খায়রুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।