আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে গতকাল শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। এ সময় ১৫-২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা নির্বাচনের পর থেকে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান অওয়ামী লীগ নেতা এ বি এম মোস্তাকিম এবং খাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক নেতা এস এম শাহনেওয়াজের মধ্যে বিরোধ চলছিল।
গতকাল সকালে গদাইপুর মৎস্য সেট এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষ ১৫-২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। বোমার স্প্লিন্টারের আঘাতে তৌহিদুল মোল্লা, লম্বা খোকন, মুকুল মোল্লা, জামানসহ পাঁচজন আহত হন। এ ছাড়া আনারুল গাজী ও জামারুল মোল্লাকে পিটিয়ে আহত করা হয়। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এস এম শাহনেওয়াজ বলেন, এ বি এম মোস্তাকিমের ভাড়াটে সন্ত্রাসীরা সাবেক ইউপি সদস্য আনারুল ইসলামের নেতৃত্বে সকাল আটটার দিকে তাঁর লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা এলাকায় ১৫-২০টি বোমার বিস্ফোরণ ঘটায়। তাঁর সমর্থক আনারুল গাজীর বাড়িঘর ভাঙচুরসহ তাঁকে ব্যাপক মারপিট করা হয়। সন্ত্রাসীরা তাঁর সমর্থক জামারুল মোল্লাকেও মারপিট করে। দুপুর ১২টার দিকে পুলিশের উপস্থিতিতে তাঁর পক্ষের গদাইপুর গ্রামের হাফিজুল মোল্লা, ইউসুফ মোল্লা, মুকুল মোল্লা ও কামরুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
আনারুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না। তবে তিনি শুনেছেন, শাহনেওয়াজ চেয়ারম্যানের ভাড়াটে সন্ত্রাসীরা তাঁদের লোকজনের ওপর হামলা চালিয়ে পাঁচজনকে আহত করেছে। এ ছাড়া পুলিশের উপস্থিতিতে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
এ বি এম মোস্তাকিম বলেন, গাদাইপুর মৎস্য সেট দখল করতে গেলে সাধারণ মানুষ এক হয়ে ইউপি চেয়ারম্যান এস এম শাহনেওয়াজের পক্ষের লোকদের ধাওয়া করে। এ সময় চেয়ারম্যানের বাড়ি থেকে সাধারণ লোকদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। দুপুরে পুলিশের সামনে চেয়ারম্যানের পক্ষের লোকেরা তাঁর পক্ষের ইসমাইল হোসেন, নজরুল ইসলাম ও মফিজুল মোল্লার বাড়িঘর ভাঙচুর করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
সাতক্ষীরার কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও বোমা বিস্ফোরণের ঘটনার পর সাধারণ মানুষ একজোট হয়ে কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছে।