আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ দুজনসহ আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গতকাল শুক্রবার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। উপজেলার আদমপুর ইউনিয়নের আদমপুর বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত লোকজনের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ফজলুল করিম ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল মন্নাফের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফজলুল করিম ও মন্নাফ উভয়ের বাড়ি আদমপুর ইউনিয়নে। ফজলুল করিম আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আবদুল মন্নাফ চেয়ারম্যান নির্বাচিত হন। ফজলুল সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। নৌকা প্রতীক পেতে ওই দুই নেতাই দলের কাছে সমর্থন চেয়েছিলেন। সংঘাত এড়াতে কেন্দ্র থেকে আওয়ামী লীগ আদমপুর ইউনিয়নে কোনো প্রার্থী দেয়নি। শেষে ওই দুই নেতাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরাজিত হওয়ার পর ফজলুল করিম পুনরায় ভোট গণনার আবেদন করে হাইকোর্টে মামলা করেন। আবার ফজলুল করিমের আবেদন ওপর স্থগিতাদেশ চেয়ে পাল্টা আবেদন করেন মন্নাফ। শেষে গতকাল আদালত আবদুল মন্নাফের আবেদনের পরিপ্রেক্ষিতে ফজলুল করিমের আবেদনের স্থগিত করে দেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, আদালত থেকে স্থগিতাদেশ পেয়ে গতকাল বেলা ১১টার দিকে মন্নাফের পক্ষ নৌকা প্রতীক নিয়ে মিছিল করে আদমপুর বাজারে আসে। তখন ফজলুল করিমের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে এর প্রতিবাদ করেন। এরপর উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। সংঘর্ষে আহতদের মধ্যে গুলিবিদ্ধ তাহের মিয়া (৪৫) ও মধু মিয়াকে (৫৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগের নেতা ফজলুল করিম বলেন, তিনি ৭১ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। ষড়যন্ত্র করে আবদুল মন্নাফ এ ফলাফল পাল্টে দিয়েছেন। এ কারণে তিনি আদালতে গিয়েছিলেন। স্থগিতাদেশ পেয়েই মন্নাফের লোকজন আদমপুর বাজারে এসে তাঁর লোকজনের ওপর হামলা চালায়। এ ছাড়া, আগুনে তাঁর পক্ষের লোকজনের অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আবদুল মন্নাফ বলেন, তাঁর বিজয়কে কোনোভাবেই মেনে নিতে পারছে না ফজলুল করিম। আর এই জন্য শান্তিপূর্ণ মিছিলে প্রতিপক্ষের লোকজন হামলা করে তাঁর সমর্থকদের দোকানে আগুন দেয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বলেন, আদমপুর বাজারে অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।