আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১০
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের শানিকদিয়ার চর গ্রামে গত সোমবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নয়জনকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন গ্রামের আবদুস সামাদ (২৮), বিল্লাল হোসেন (৪০), মিজানুর রহমান (৩০), বাবলু হোসেন (২৩), রিপন আলী (১৪), ডাবলু হোসেন (৩৫), শাহিনুর রহমান (৩০), আবদুল মতিন (৪৫), সবুরা খাতুন (৩০) ও জহুরা খাতুন (৫৫)।
চিকিৎসাধীন কয়েকজন ও গ্রামের চার-পাঁচজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শানিকদিয়ার হাটের ইজারা নিয়ে হেমায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেনের সমর্থকদের সঙ্গে দলীয়-সমর্থক জিন্না হোসেন ও রশিদ প্রামাণিকের লোকজনের বিরোধ চলছে। এর জের ধরে সোমবার রাত সাড়ে আটটার দিকে বাজারের একটি চায়ের দোকানে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে ১০ জন গুলিবিদ্ধসহ দুই পক্ষের ২৫ জন আহত হন।
চিকিৎসাধীন আবদুস সামাদ ও মিজানুর রহমান বলেন, তাঁরা চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় অতর্কিতে হামলা ও গুলি চালানো হয়। এ ছাড়া হামলাকারীরা বকুল, মুকুল, মজিবর, সাহেব আলী নামের চারজনের বাড়ি ও দোকানঘর ভাঙচুর করে।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম বলেন, ‘এটা কোনো দলীয় কোন্দল নয়। এর সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এলাকাভিত্তিক গোষ্ঠীগত ঝামেলার কারণে এ সংঘর্ষ হয়েছে বলে আমরা শুনেছি।’
সদর থানার ওসি আহসানুল হক বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার পর থেকে দুই পক্ষের কাউকেই এলাকায় পাওয়া যায়নি।