আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় ১৪টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত রোববার বিকেলে আড়াইহাজার উপজেলার মেঘনা নদীবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দী গ্রামে দোকানে চাখাওয়ার সময় জয়রাম দাস ও মধু দাসের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ওই রাতেই ঝগড়ার বিষয়টি মীমাংসা করে দেন কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ফায়জুল হক ওরফে ডালিমের সমর্থক আম্বর আলী ও সাব মিয়া। ওই মীমাংসা ঠিক হয়নি বলে পরদিন সোমবার সকালে কালাপাহাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান সাইফুল ইসলাম ওরফে স্বপনের সমর্থক মোস্তফা, রুবেল ও আকতার পুনরায় জয়রাম দাসকে মারধর করেন। এ ঘটনায় আম্বর আলীর ছেলে সামসু বাধা দিলে রুবেল ও আকতারের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। ওই সময় তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে পূর্বকান্দী গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মোতালিব, রব মিয়া, লিয়াকত, সামসু, জোসনা বেগম ও মনির। তাঁদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় কমপক্ষে ১৪টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, ওই এলাকায় আম্বর আলী ও মোস্তফার মধ্যে মূলত জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরেই এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।