আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ-সমর্থিত দুই জেলে নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
চাঁদপুর ইউনিয়নের চৌমহনী এলাকায় গতকাল সোমবার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান (৬৭)। তিনি ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় পাঁচজন জেলে বলেন, চৌমহনী লঞ্চঘাট ও মাছঘাট এলাকায় চাঁদাবাজি ও জেলেদের বিচার-সালিসকে কেন্দ্র করে আওয়ামী লীগ-সমর্থিত স্থানীয় জেলে নেতা মো. হাফেজ ও নুরে আলমের মধ্যে বিরোধ চলছে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রায়ই হাতাহাতি ও মারামারি হতো।
সাতজন প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, গতকাল বেলা ১১টার দিকে কথা-কাটাকাটির জের ধরে নুরে আলমের সমর্থকেরা মো. হাফেজের পক্ষের আওয়ামী লীগের কর্মী আবদুল মান্নানের বাড়িতে হামলা চালান। হাফেজের লোকজন প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় এক ঘণ্টা তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আবদুল মান্নান ঘটনাস্থলেই মারা যান।