আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল দরিদ্র কৃষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া ও শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এর মধ্যে লোহাগড়ায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। দুটি ঘটনায় আহত হয়েছে ৩৭ জন।

লোহাগড়ায় নিহত ব্যক্তির নাম ইকবাল সমাদ্দার (৩৫)। দরিদ্র কৃষক ইকবাল উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মৃত রুপাই সমাদ্দারের ছেলে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ঘাঘা গ্রামের বিশ্বাস বংশের সঙ্গে ঠাকুর বংশের দ্বন্দ্ব চলে আসছে। বিশ্বাস বংশের নেতৃত্ব দিচ্ছেন কোটাকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. হেমায়েত হোসেন। আর ঠাকুর বংশের নেতৃত্বে আছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহাঙ্গীর আলম।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, ১০ থেকে ১২ দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছে। গত শনিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়। এরপর গতকাল সোমবার ভোরে হেমায়েত হোসেন পক্ষের বাবু বিশ্বাসের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ। এর জেরে দুই পক্ষ ভোর ছয়টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে হেমায়েতপক্ষের ইকবাল নিহত হন।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ও ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত দুই পক্ষের নয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেমায়েত হোসেনের অভিযোগ, ইউপি নির্বাচনের আগে জাহাঙ্গীর আলমের লোকজন তাঁদের নিশ্চিহ্ন করতে চায়। প্রতিপক্ষের শটগানের গুলিতে ইকবাল নিহত হয়েছেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘ওসি ও এসপির কাছ থেকে প্রথম সংঘর্ষের খবর শুনেছি। তাঁরা আমার লোকজনকে সামলানোর অনুরোধ করেছেন। তাই সংঘর্ষ সামলাতে ভূমিকা নিয়েছি। সংঘর্ষের পেছনে আমার ইন্ধন নেই।’ লোহাগড়া থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ৬০টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের পাঁচটি শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শরীয়তপুরের নড়িয়ায় সংঘর্ষ হয়েছে গত রোববার রাতে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক ও নশাসন ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

উপজেলা চেয়ারম্যান ইসমাইল হক জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক। আর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁরা দুজনই জেলা আওয়ামী লীগের আগামী সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী। মূলত এ নিয়েই তাঁদের মধ্যে বিরোধের সূত্রপাত।

রোববার রাত আটটার দিকে ইসমাইল হকের অনুসারীরা স্থানীয় ডগ্রি বাজারে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা চালায়। এরপর দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় শতাধিক ককটেল ফাটায় তারা। ভাঙচুর করা হয় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও বাজারের চারটি দোকান। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১৫ জন আহত হয়। তাদের মধ্যে বাচ্চু মোল্যা নামে গোয়েন্দা পুলিশের এক সদস্যও রয়েছেন। দেলোয়ার হোসেনের স্ত্রী সানজিদা হোসেন বলেন, ইসমাইল হকের নির্দেশে তাঁর সন্ত্রাসী বাহিনী তাঁদের বাড়িতে হামলা করেছে।

তবে ইসমাইল হকের দাবি, গরুর হাটের ইজারা নিয়ে দেলোয়ারের সমর্থকেরা লিটন নামের একজনের বসতঘর ও দোকানে ভাঙচুর করেন। তখন স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাঁদের ওপর হামলা চালায়। তাঁর কোনো সমর্থক হামলা চালায়নি।

এ বিষয়ে নড়িয়া থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যাওয়ায় এ ঘটনায় কোনো মামলা হয়নি।