আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধা নিহত
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২৯ জন। সংঘর্ষের সময় উভয় পক্ষের ৪৬টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর, খাগৈর ও গুড়দিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য গোবিন্দপুর গ্রামের বাসিন্দা শের আলী খানের সঙ্গে আওয়ামী লীগ সমর্থক খাগৈর গ্রামের দেলোয়ার খাঁর মধ্যে বিরোধ চলে আসছিল। শের আলীর এক সমর্থক কানাই মাতুব্বর দীর্ঘদিন পর গতকাল সোমবার এলাকায় এলে দেলোয়ারের সমর্থকেরা সন্ধ্যায় খাগৈরে কানাইয়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উভয় পক্ষের পাঁচ শতাধিক সমর্থক ঢাল, সড়কি, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার তিন প্রত্যক্ষদর্শী জানান, এ সংঘর্ষে জহুরা বেগম নামের (৫৭) এক বৃদ্ধা নিজ বাড়িতে ইটের আঘাতে নিহত হন। তিনি গোবিন্দপুর গ্রামের মান্নান মাতুব্বরের স্ত্রী। মান্নান মাতুব্বর দেলোয়ার খাঁর সমর্থক। এ ছাড়া সংঘর্ষে উভয় পক্ষের ২৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফায়েকুজ্জামান বলেন, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।