আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত, ৩০টি ঘর ভাঙচুর
ফরিদপুরের সালথা উপজেলায় পক্ষ বদলকে কেন্দ্র করে আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ২০টি বাড়িতে হামলা চালিয়ে ৩০টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
গত শুক্রবার দিবাগত রাতে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। থানা-পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, কয়েক দিন আগে গট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মোল্লার পক্ষের কিছু লোক একই ওয়ার্ডের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের পক্ষে যোগদান করেন। এ নিয়ে তিন-চার দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে গত শুক্রবার রাতে ইব্রাহিম মোল্লা কিছু সমর্থক ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে জাকিরের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় জাকিরের লোকজন পাল্টা হামলা চালালে সংঘর্ষ বেধে যায়।
শুক্রবার রাত সাড়ে নয়টা থেকে দুইটা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ২০ বাড়ির অন্তত ৩০টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের দুজনকে পাশের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মোল্লা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের ১৫টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গতকাল শনিবার বিকেল চারটা পর্যন্ত কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।