নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল বুধবার বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার সমর্থকদের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। দুই পক্ষের দাবি অনুযায়ী, সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত ১৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দুই পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ গ্রামের পাশে মেঘনা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে নাসির উদ্দিনের সঙ্গে হারুন মিয়ার বিরোধ চলছিল। নাসির উদ্দিন শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। হারুন মিয়া একই ওয়ার্ড যুবলীগের সভাপতি।
ওই বিরোধের জেরে গতকাল সকালে নাসির উদ্দিনের নেতৃত্বে ৫০-৬০ জন মেঘনা নদীতে গিয়ে হারুন মিয়ার লোকজনের ওপর হামলা চালান। এ সময় হারুনের সমর্থক সুজন মিয়া, সেলিম মিয়া, হায়দার হোসেন, জাব্বার আলী, আরিফ হোসেন, জয়নাল মিয়াসহ ১২ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। এ ছাড়া তাঁরা হারুনসহ তাঁর সমর্থক ছয়জনের বাড়িঘরে ভাঙচুর চালান এবং মালামাল লুট করেন। পরে হারুনের লোকজন নাসির উদ্দিনের সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান। এ সময় নাসিরের সমর্থক নজরুল ইসলাম, জুম্মান মিয়া গুলিবিদ্ধ হন। হামলাকারীরা দীন মোহাম্মদ, আলী আজগর, তাহের আলী, আবদুল আউয়াল, মোহাম্মদ আলী, ইউনুস আলীসহ ২০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাসির উদ্দিন বলেন, ‘হারুন ও তাঁর সমর্থকেরা দীর্ঘদিন ধরে নদীতীরবর্তী গ্রামবাসীর ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন। গ্রামবাসীর পক্ষ নিয়ে আমরা বাধা দেওয়ায় হারুনের লোকজন আমার সমর্থক গ্রামবাসীর ওপর হামলা চালান।’ তিনি দাবি করেন, হামলাকারীদের গুলিতে তাঁর পক্ষের ১২ জন আহত হন। তবে হারুন মিয়া পাল্টা অভিযোগ করেন, ‘ওই বালুমহাল থেকে দীর্ঘদিন ধরে নাসির অবৈধভাবে বালু কেটে নিচ্ছেন। এতে বাধা দেওয়ায় নাসিরের লোকজন আমার সমর্থকদের ওপর গুলি চালান এবং তাঁদের পিটিয়ে ও কুপিয়ে আহত করেন।’ নাসির দাবি করেন, প্রতিপক্ষের গুলিতে তাঁর দুই সমর্থক আহত হয়েছেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন বলেন, বালুমহালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।