আ.লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় বিএনপি নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নাককাটিতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় নজরুল ইসলাম (৬৫) নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, সংঘর্ষের সময় দৌড়ে পালাতে গিয়ে নজরুল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ। তিনি পিরগাছী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, ঈদ-পরবর্তী বিনোদনের অংশ হিসেবে গুপ্তমানিক এলাকায় বুধবার ঘোড়দৌড়ের আয়োজন করা হয়। স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধে এই আয়োজন পণ্ড হয়ে যায়। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় নাককাটিতলা বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়। এ সময় মারা যান নজরুল ইসলাম।
ঘোড়দৌড়ের আয়োজক স্থানীয় বঙ্গবন্ধু স্মৃতিসংঘের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি তাবারিয়া চৌধুরী অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কারকে আয়োজক কমিটির গুরুত্বপূর্ণ পদে না রাখার কারণে তাঁর মদদে তাঁরই লোকজন হামলা চালিয়ে ঘোড়দৌড়ের আয়োজন পণ্ড করে দেয়। ওই আয়োজনের কয়েকজন স্বেচ্ছাসেবক নাককাটিতলা বাজারে গিয়ে আবু বাক্কারকে জিজ্ঞাসা করেন, কেন তিনি এই খেলা পণ্ড করলেন। এ সময় আবু বাক্কারের সমর্থকেরা ককটেল বিস্ফোরণ ঘটান। এর মাঝে পড়ে অসুস্থ হন ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম। পরে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।