ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ও সিংরইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চণ্ডীপাশা ইউপিতে গিয়ে দেখা যায়, ৭ নম্বর ওয়ার্ডের নান্দাইল-আঠারবাড়ি সড়কের পূর্ব পাশে মধ্য বাঁশহাটি গ্রামে আওয়ামী লীগের প্রার্থী মো. এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী ক্যাম্প। এমদাদুল হক অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী ও তাঁর সমর্থকেরা মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মিছিল করে যাওয়ার সময় তাঁর নির্বাচনী ক্যাম্পের সামনের তোরণে অগ্নিসংযোগ করেন। এতে তোরণের কাপড় ও প্রতীকের কিছু অংশ পুড়ে যায়।
তবে স্বতন্ত্র প্রার্থী মো. শাহাব উদ্দিন ভূঁইয়া এ অভিযোগ অস্বীকার করেছেন।
অন্যদিকে উপজেলার সিংরইল ইউপির ভোরাঘাট বাজারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. সাইদুল ইসলামের নির্বাচনী কার্যালয়েও মঙ্গলবার গভীর রাতে কে বা কারা অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ের কিছু অংশ পুড়ে যায়। পরে আশপাশের লোকজন আগুন নেভায়।
জানতে চাইলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।