আ.লীগের দুপক্ষে সংঘর্ষ, আহত ৩০
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মদনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ সংঘর্ষ আশপাশের কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রধারীদের পাল্টাপাল্টি আক্রমণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ১৭টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার এ ঘটনায় জড়িত থাকায় তিন ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এরা হলেন শৈলডুবির মো. রকিব শেখ (২০), খলিশাডুবির মো. ফারুক মোল্লা (৪২) ও মদনদিয়ার মো. এসকেন্দার খান (৩৭)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মদনদিয়া গ্রামের বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ-সমর্থক ইশারত হোসেনের বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে একটি জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে ইমারত ও ইশারতের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এর জের ধরে একপর্যায়ে সন্ধ্যার দিকে মদনদিয়া গ্রামে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর দফায় দফায় হামলা চালান। এ সংঘর্ষে অংশ নিতে আশপাশের শৈলডুবি, তেলি সালথা, খলিশাডুবিসহ চারটি গ্রাম থেকে উভয় পক্ষের সমর্থকেরা আসার চেষ্টা করলে প্রতিটি গ্রামেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে বোয়ালমারী ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সালথা থানার ওসি বেলায়েত হোসেন বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ১৭টি রাবার বুলেট ছোড়া হয়। গতকাল শনিবার বিকেল পর্যন্ত কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ দেয়নি। তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে গতকাল শনিবার সকালে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।