আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে গতকাল বুধবার আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আটটি ফাঁকা গুলি ছোড়ে।
ভেড়ামারায় অবস্থিত বাংলাদেশ-ভারত (বহরমপুর) গ্রিড আন্তসংযোগ বিদ্যুৎ সঞ্চালন উপকেন্দ্রের বর্ধিত অংশের কাজের নির্মাণসামগ্রী সরবরাহের নিয়ন্ত্রণ নিয়ে ওই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ২০১১ সালের দিকে ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎ সঞ্চালন উপকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের এক নেতার সহযোগী আবদুল হান্নান নামের এক ঠিকাদার সেখানে ইট, বালু, পাথরসহ নির্মাণসামগ্রী সরবরাহ করে আসছিলেন। সম্প্রতি উপকেন্দ্রটি এক হাজার মেগাওয়াটে উন্নীত করার কাজ শুরু হলে মোকারিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদ্য নির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সামাদ নির্মাণসামগ্রী সরবরাহের কাজ পাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে গতকাল সকালে উভয় পক্ষ উপকেন্দ্রের সামনে অবস্থান নিলে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সেখানে আট থেকে দশটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ গিয়ে আটটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মোকারিমপুর ইউপির চেয়ারম্যান আবদুস সামাদ বলেন, ‘প্রভাব খাটিয়ে আবদুল হান্নান দীর্ঘদিন থেকে বিদ্যুৎ উপকেন্দ্রে নির্মাণসামগ্রী সরবরাহ করে আসছেন। স্থানীয় নেতা হিসেবে আমাদের এ কাজ পাওয়ার অধিকার আছে। এ কারণে আমরা কাজ পাওয়ার চেষ্টা করছি। কিন্তু গতকাল হান্নানের লোকজন ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।’ এ ব্যাপারে চেষ্টা করেও আবদুল হান্নানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার বলেন, দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ।