আ.লীগের দুপক্ষের সংঘর্ষে তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় ১৪৪ ধারা ভঙ্গ করে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে শারফিন মিয়া নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সংঘর্ষ চলে।

উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

শারফিনের (২২) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমগঞ্জ গ্রামে। তিনি ছিলেন হাফিজুর রহমানের সমর্থক। পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন গতকাল দুপুর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য সংঘর্ষস্থলসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন। কিন্তু নির্বাচনে স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহমেদের পছন্দের প্রার্থী সিরাজুল হক জয়ী হন। এরপর থেকে দুই পক্ষের মধ্যে অন্তত সাতবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন নিহত ও অন্তত অর্ধশত লোক আহত হন। এর পরিপ্রেক্ষিতে প্রায় এক বছর হাফিজুরের পক্ষের কয়েক শ সমর্থক এলাকায় ছিলেন না। কিছুদিন ধরে তাঁরা এলাকায় আসতে শুরু করেন। কিন্তু সিরাজুলের পক্ষ বিষয়টি ভালোভাবে নেয়নি। এর জেরে গত মঙ্গলবার থেকে উভয় পক্ষের লোকজন বাঁশগাড়ীতে অবস্থান নিতে শুরু করেন। এ অবস্থায় রায়পুরা থানা প্রশাসন এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করে এবং উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

১৪৪ ধারা অমান্য করে গতকাল দুপুর ১২টার দিকে উভয় পক্ষের কয়েক হাজার সমর্থক টেঁটা-বল্লম, আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের ১২টি ঘর ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ করা হয় কমপক্ষে ১৫টি ঘরে।

আহত সমর্থকদের মধ্যে গুলিবিদ্ধ শারফিন মিয়া, মাসুদ মিয়া ও আমির হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেলে শারফিনের মৃত্যু হয়। কাউছার মিয়া, নূর মোহাম্মদ, রহিম বাদশা, নাহিদ মিয়া, ইসমাইল হোসেন ও মাসুদ মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান বলেন, জেলা হাসপাতালে গুলিবিদ্ধ তিনজনকে আনা হয়েছে। শারফিন মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘সিরাজুল এলাকায় একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান। এ কারণে আমাকেসহ আমার পক্ষের লোকজনকে স্থায়ীভাবে এলাকাছাড়া করতে ভাড়াটে বাহিনীর আশ্রয় নিয়ে হামলা চালিয়েছেন।’

উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান সিরাজুল হক পাল্টা অভিযোগ করে বলেন, ‘হাফিজুর পক্ষ আমাদের ওপর হামলা চালিয়েছে। শেষে জীবন বাঁচাতে আমার পক্ষ প্রতিরোধে নামে।’

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে পক্ষ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতে পেরে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু তা উপেক্ষা করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।