আ.লীগের নিজেদের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত ও ২০টি বসতবাড়ি ভাঙচুর হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে বেলা দেড়টা পর্যন্ত গট্টি ইউনিয়নের মেম্বর গট্টি, সিংহ প্রতাপ, বাগাট, নারায়ণপুর, কাউলিকান্দা, খোয়াড়, বালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও র্যাব গিয়ে শটগানের ৮৯টি গুলি ও কাঁদানে গ্যাসের চারটি সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, আটক ৭ জনের মধ্যে ৬ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও ১ জনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য নিয়ে গট্টি ইউনিয়নে মেম্বর গট্টি গ্রামের বাসিন্দা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি রফিক মাতুব্বরের সঙ্গে একই ইউনিয়নের বাগাট গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলামের বিরোধ চলে আসছে।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে রফিক মাতুব্বর জাতীয় সংসদের উপনেতা ফরিদপুর-২ আসনের সাংসদ সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবরের সমর্থক। আর আশরাফুল ইসলাম আয়মন আকবরের বিরোধী অংশের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।
গতকাল সকাল আটটার দিকে রফিক মাতুব্বরের ভগ্নিপতি ছলেমান কাজী মেম্বর গট্টি বাসস্ট্যান্ডে এলে আশরাফুল ইসলামের সমর্থক ইয়াছিন, বকুল, আলিমসহ কয়েকজন তাঁকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
এর পরপরই আশরাফের সমর্থকেরা রফিক মাতুব্বর, তাঁর সমর্থক বাচ্চু মোল্লা, বিল্লাল মাতুব্বর, টুকু মীর, আলী মাতুব্বর ও আফতাব মাতুব্বরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
সকাল ১০টার দিকে রফিক মাতুব্বরের সমর্থকেরা প্রতিপক্ষের আজিত মোল্লা, ওবায়দুর মাতুব্বর, সোরাপ মোল্লা, কওছার মাতুব্বর, কোবাত মাতুব্বর, জাহিদুল মাতুব্বর, ইমান মোল্লা, সিরাজ মোল্লা, জিয়া মাতুব্বর, আতিক মাতুব্বর, মজিবর মৃধা ও বরকত মৃধার বাড়ি এবং সিংহ প্রতাপ বাজারের ইউসুফ শিকদারের মুদি দোকান ভাঙচুর করে। এ সময় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৩০ জন আহত হয়।
আহত ব্যক্তিদের মধ্যে আলম মৃধা, দাউদ মৃধা, কোবাদ খালাসি, সুমন মাতুব্বর, সুরুজ খালাসি, মিরাজ শিকদার, সুজাত ব্যাপারী ও রুহুল মুন্সীকে ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং কামাল মৃধা, সুজাত খালাসি ও বাছের মোল্লাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে সালথা থানা-পুলিশ, ফরিদপুর পুলিশ লাইনস থেকে আসা অতিরিক্ত পুলিশ এবং র্যাবের সহযোগিতায় শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিজেকে আয়মন আকবরের সমর্থক পরিচয় দিয়ে রফিক মাতুব্বর প্রথম আলোকে বলেন, ‘আশরাফ নিজে দাঁড়িয়ে থেকে আমার ভগ্নিপতি ছলেমান কাজীকে মেম্বর গট্টি বাসস্ট্যান্ডে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আমরা পুলিশকে খবর দিলেও পুলিশের কোনো সাহায্য পাইনি। পরে প্রতিপক্ষ আমার বাড়িসহ আমার সমর্থকদের বাড়িঘরে হামলা চালালে দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়।’
আশরাফুল ইসলাম বলেন, ‘পোলাপানে পোলাপানে প্রথমে গন্ডগোল লাগে, পরে বড় আকার ধারণ করে। আমি দাঁড়িয়ে থেকে রফিকের ভগ্নিপতি ছলেমান কাজীকে মারপিট করিনি, যখন গন্ডগোল লাগে আমি তখন ঘুমাচ্ছিলাম।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রফিক মাতুব্বরের সঙ্গে আশরাফুল ইসলামের সমর্থকদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ঢাল, সড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পাঁচ সহস্রাধিক ব্যক্তি সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ শটগানের ৮৯টি গুলি ও ৪টি কাঁদানে গ্যাসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে উভয় পক্ষের সাতজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গত বুধবার সালথায় ১৫টি বাড়িতে আওয়ামী লীগের ওই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১৪ জন আহত হন।