আ.লীগের নেতাকে গলা কেটে হত্যা
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হুদাকে (৬০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের টুইট্ট্যাখালীপাড়া থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
পরিবারের দাবি, সদ্য সমাপ্ত বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আ ন ম হেফাজ সিকদারের কর্মী ছিলেন নুরুল হুদা। নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে বিএনপি মনোনীত প্রার্থী এহেসানুল কাদের চৌধুরী ওরফে সাব্বিরের আত্মীয়স্বজনেরা নুরুল হুদাকে হত্যা করেছেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বদরখালী বাজারের একটি মসজিদে তারাবির নামাজ আদায় করেন নুরুল হুদা। এরপর রাত ১০টার দিকে তিনি বাজারের পশ্চিমে ফেরিঘাটে যান। সেখানে এহসানের ভাইয়ের জামাতা ছিদ্দিক আহমদের সঙ্গে নুরুল হুদার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে ছিদ্দিক আহমদের চার ভাই নুরুল হুদাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে রাত সাড়ে ১২টার দিকে টুইট্ট্যাখালীপাড়া সড়কের পাশে নুরুল হুদার গলা কাটা লাশ পাওয়া যায়।
আ ন ম হেফাজ সিকদার প্রথম আলোকে বলেন, ‘নুরুল হুদা আমার বাবার চাচাতো ভাই। তিনি নির্বাচনে আমার পক্ষে প্রচার-প্রচারণায় নামেন। এতে আগে থেকেই ক্ষিপ্ত ছিলেন এহেসানের লোকজন। মূলত এ কারণে আমার চাচাকে হত্যা করা হয়েছে।’
নিহত নুরুল হুদার ছেলে মোহাম্মদ শাহজাহান বলেন, ‘প্রকাশ্যে বদরখালী বাজার থেকে আমার বাবাকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ছিদ্দিক আহমদ ও তাঁর ভাইয়েরা গলা কেটে হত্যা করেছে।’
এ বিষয়ে বক্তব্য জানতে এহেসানুল কাদের চৌধুরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ছিদ্দিক আহমদের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, নুরুল হুদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।
বৃহস্পতিবার রাত দুইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘নুরুল হুদা ও হত্যাকারীরা পরস্পর আত্মীয়। জায়গাজমির বিরোধ ও ইউপি নির্বাচন নিয়ে অনেক দিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে নুরুল হুদাকে হত্যা করা হয়। পুলিশ ইতিমধ্যে হত্যাকারীদের শনাক্ত করেছে। দ্রুত তারা ধরা পড়বে।’