আ.লীগের নেতার বাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইলের বারইপাড়ায় তিন নেতার বাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে আরসিসি সড়ক কেটে গ্যাসের পাইপ বসানো হয়েছে।
গত শুক্রবার রাতে সরেজমিনে দেখা যায়, কয়েকজন লোক দিয়ে বারইপাড়া এলাকায় একটি বাড়ির সামনে সিটি করপোরেশনের আরসিসি সড়ক কেটে গ্যাসের পাইপ বসানো হচ্ছে। ওই কাজে নিয়োজিত লোকজন জানান, গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ তিনজন নেতার বাড়িতে গ্যাসের এই সংযোগ দেওয়া হচ্ছে। ছয়-সাত মাস আগে সিটি করপোরেশন সড়কটি আরসিসি ঢালাই করে। আর সিটি করপোরেশনের সড়ক নির্মাণের এক বছরের মধ্যে এটি কাটার অনুমতি দেওয়ার কোনো নিয়ম নেই।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, ‘রাস্তা কাটার খবর শুনে শুক্রবার সন্ধ্যায় গিয়ে আমি কাউকে পাইনি। আমি এলাকায় বলে এসেছি, আমার সঙ্গে যোগাযোগ না করে যেন কাজ না করা হয়।’ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শাহ আলম বলেন, তিনি কোনো অবৈধ গ্যাস-সংযোগ নেননি। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আজগরের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ জোনের ম্যানেজার প্রকৌশলী জাফরুল আলম বলেন, ‘এর আগে আমরা এই এলাকায় অভিযান চালিয়ে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। কিন্তু সংশ্লিষ্ট এলাকার আত্মস্বীকৃত গ্রাহকেরা তিতাসের বিরুদ্ধে মামলা করেছে। তারা মামলা করে এ কাজ করছে। মামলা থাকায় ম্যাজিস্ট্রেটরা আসতে চান না। তাই অবৈধ গ্যাস-সংযোগের বিরুদ্ধে অভিযান চালাতে পারছি না।’ তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মকবুল আহামেদ বলেন, অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’