আ.লীগের নেতার বিরুদ্ধে মামলা নেয়নি থানা-পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার চানখাঁরপুল লেনে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বড় ভাইয়ের স্ত্রী ও সন্তানদের পেটানোর অভিযোগ উঠেছে। ঘটনার আট দিনেও বংশাল থানার পুলিশ মামলা নেয়নি বলে ভুক্তভোগী পরিবারটির সদস্যরা অভিযোগ করেছেন।
আহতদের মধ্যে খাদিজা বেগম (৪৭), তাঁর কলেজপড়ুয়া ছেলে জুবায়ের আহমেদ (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারী সিরাজউদ্দিন ওরফে বাদল বংশাল থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
আহত ব্যক্তিরা অভিযোগ করেন, সিরাজউদ্দিনের প্রভাবে পুলিশ তাঁদের ইয়াবা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। অবশ্য বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস এসব অভিযোগ অস্বীকার করেছেন।
হামলার শিকার খাদিজার বড় মেয়ে জয়নব সোহা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেছেন। তিনি বলেন, এক বছর আগে তাঁর বাবা নাসিম আহমেদ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে মা ও তাঁরা তিন ভাইবোন ৬০/১ চানখাঁরপুল লেনে তাঁদের পৈতৃক বাড়িতে আছেন।
জয়নব অভিযোগ করেন, ১৩ মে তাঁর চাচা সিরাজউদ্দিন, মনির, তাঁর ফুপুসহ অন্যরা ওই বাড়ি থেকে তাঁদের উচ্ছেদ করতে বেধড়ক পেটান। এতে তাঁর ভাই জুবায়েরের বাঁ হাত ভেঙে গেছে।
আওয়ামী লীগের নেতা সিরাজউদ্দিন বলেন, তাঁর ভাই মনিরের সঙ্গে ভাতিজা আকিবের (জুবায়ের ও জয়নবের ছোট ভাই) পারিবারিক বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। এতে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
জয়নব আরও অভিযোগ করেন, হামলার ঘটনায় মামলা করতে কয়েক দিন তিনি বংশাল থানায় গেছেন। কিন্তু মামলা নেওয়া তো দূরের কথা, সাধারণ ডায়েরিও (জিডি) গ্রহণ করেনি থানা-পুলিশ। থানার ওসি হুমকি দিয়ে বলেছেন, কোনো মামলা নেওয়া যাবে না। এ নিয়ে বাড়াবাড়ি করলে হাসপাতাল থেকে হাজতে এনে ইয়াবা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।
বংশাল থানার ওসি আবদুল কুদ্দুস দাবি করেন, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করে ফেলা হবে—স্থানীয়দের এমন অনুরোধে তিনি মামলা নেননি। পরে তিনি আবার প্রথম আলো কার্যালয়ে ফোন করে বলেন, দু-তিন দিন পর এ নিয়ে সালিস বৈঠক ডাকা হয়েছে। ওসি দাবি করেন, প্রথমে খাদিজা ও তাঁর ছেলেমেয়েরা তাঁদের চাচাকে মারধর করেছেন।