আ.লীগের পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার থানারহাট বাজারে ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে বাজারের পাঁচ-ছয়টি দোকানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে উভয় পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, আবু তাহের, মো. কবির, এনায়েত উল্লা, মো. সবুজ ও মোক্তার হোসেন। এ ছাড়া আহত বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার স্থানীয় চর ওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন হয়। নির্বাচনে বিএনপির সমর্থক প্রার্থী মোস্তফা কামাল জয়ী হন। অপরদিকে আওয়ামী লীগের সমর্থক দুই প্রার্থী মো. পলাশ ও অজিউল্লা পরাজিত হন।
নির্বাচনে পরাজয় নিয়ে সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে স্থানীয় থানারহাট বাজারে পলাশ ও অজিউল্লা বাগ্বিতণ্ডায় লিপ্ত হন। এর জের ধরে কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে পাল্টাপাল্টি ধাওয়া, পরে সংঘর্ষ বেধে যায়। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা জানান, সংঘর্ষ চলাকালে বাজারের পাঁচটি দোকানে ভাঙচুর করা হয়।
চরজব্বার থানার ওসি এ কে এম এনামুল কবির বলেন, উপনির্বাচনে পরাজিত আওয়ামী লীগের সমর্থক দুই প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।