আ.লীগের পাল্টাপাল্টি হামলা, অর্ধশতাধিক ঘর ভাঙচুর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মাতুব্বরের সঙ্গে সম্প্রতি আওয়ামী লীগে যোগদানকারী জিন্নাহ মাতুব্বরের বিরোধ চলে আসছিল।
গত রোববার সন্ধ্যায় আলাউদ্দিন মাতুব্বরের পক্ষের সোহেলসহ ১০-১২ জন জিন্নাহ মাতুব্বরের পক্ষের সাগর মোল্লাকে বেলজানী গ্রামের বটতলা নামক স্থানে মারধর করেন এবং একটি মোটরসাইকেল নিয়ে যান। সাগরকে গুরুতর আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. এনামুল ইসলাম বলেন, সাগরের পায়ের গোড়ালিতে কোপ ও বুকে-পিঠে জখম হয়েছে।
এ ঘটনায় জিন্নাহর সমর্থক লোকজন ওই দিন রাতে আলাউদ্দিন মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ১৩টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করেন। এ ঘটনার জের ধরে গতকাল সকালে আলাউদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জিন্নাহর সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে রাসেল মোল্লা, তোফায়েল শেখ, মোজাম মোল্লারসহ ৩৭টি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন।
পাল্টাপাল্টি এ হামলার সময় বাড়িগুলোতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
আলাউদ্দিন মাতুব্বর বলেন, ‘গতকাল সোমবার সকালে ঘটনার সময় আমি এলাকায় উপস্থিত ছিলাম না।’ তিনি অভিযোগ করেন, রোববার রাতে জিন্নাহর সমর্থকেরা তাঁর সমর্থকদের বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছেন।
জিন্নাহ মাতুব্বর বলেন, ‘আলাউদ্দিন মাতুব্বরের সমর্থকরা আমার কর্মী সাগর মোল্লাকে পিটিয়ে আহত করেছেন। এর জেরে রোববার রাতে কোনো হামলার ঘটনা ঘটেছে কি না তা আমার জানা নেই। তবে সাগরের মোটরসাইকেলটি হামলাকারীরা নিয়ে গেছে।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি।