চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মেয়র পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারিবুল হকের নাম ঘোষণা করেছেন স্থানীয় সাংসদ। এর জের ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পুখুরিয়া গ্রামে সাংসদ গোলাম রাব্বানীর বাড়ির সামনে অবস্থিত শেখ রাসেল মিলনায়তনে এক সভায় কারিবুলকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন সাংসদ। এর প্রতিবাদে মেয়র পদে মনোনয়ন-প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সভাপতি টুটুল খান ও তাঁর সমর্থকেরা সভাস্থল ত্যাগ করেন। এ সময় কারিবুলের সমর্থকদের সঙ্গে টুটুল খানের সমর্থকদের বাগ্বিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে টুটুল খানের সমর্থকেরা শিবগঞ্জ-সোনামসজিদ সড়কের পাইলিং মোড়ে সড়ক অবরোধ করেন। প্রায় ৩০ মিনিট পর পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।
টুটুল খান প্রথম আলোকে বলেন, সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীর পাশাপাশি জামায়াত-বিএনপির সমর্থকেরা উপস্থিত ছিলেন। এ ঘটনার প্রতিবাদ করায় তাঁর সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এতে তাঁর কয়েকজন সমর্থক আহত হন। তিনি আরও বলেন, কারিবুলকে অনিয়মতান্ত্রিক পন্থায় আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা পৌর আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী মানবেন না।
এ প্রসঙ্গে কারিবুল বলেন, নিয়ম মেনেই তাঁর নাম ঘোষণা করা হয়েছে। এর জের ধরে তাঁর সমর্থকদের সঙ্গে টুটুল খানের সমর্থকদের বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এতে কেউ আহত হয়নি। তবে সাংসদ গোলাম রাব্বানীর মুঠোফোনে রিং করেও তা বন্ধ পাওয়া যায়।