ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। গত শুক্রবার কদমতলী কান্দু শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন সোহরাব হোসেন, সাইদুর রহমান, শাহিন মিয়া, মো. বাবু, নজরুল ইসলাম ও শহর আলী। তাঁদের বাড়ি কদমতলী গ্রামে।
এলাকাবাসী সূত্র জানায়, এখনো তফসিল না হওয়া দরিয়াদৌলত ইউপি নির্বাচনে প্রার্থী বাছাই করতে স্থানীয় আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। এতে কদমতলী গ্রাম থেকে চারজন মনোনয়ন চান। তাঁদের মধ্য থেকে একজনকে বাছাই করতে শুক্রবার রাত আটটার দিকে আওয়ামী লীগ নেতা সফিউদ্দিন হকের সভাপতিত্বে কান্দু শাহ মাজার প্রাঙ্গণে সভা হয়। এতে ওয়ার্ড আওয়ামী লীগের ভোটারদের নিয়ে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত হয়। তবে ভোট নেওয়ার সময় নিয়ে মনোনয়নপ্রত্যাশী মমিনুল হক ওরফে অপু এবং এ বি এম মাহবুবুর রহমান ওরফে উজ্জ্বলের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ চেয়ার ছোড়াছুড়ি করলে ছয়জন আহত হন।
এ বি এম মাহবুবুর রহমান বলেন, ‘ভোট গ্রহণের সিদ্ধান্ত অপু ভাই ও মিজান ভাই না মানায় আমাদের লোকজন উত্তেজিত হয়।’
মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মমিনুল হক বলেন, ‘আমার লোকজনের সঙ্গে উজ্জ্বলের লোকের ঝামেলা হয়নি। বরং মিজান মিয়ার লোকজনের সঙ্গে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।’
মিজানুর রহমানের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।