আ.লীগের প্রার্থী বাছাইয়ে ভোট ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের ভোট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় সেখানে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় ওই ইউনিয়নে প্রার্থী নির্বাচন স্থগিত রয়েছে।
ওই ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের প্রার্থী নির্বাচনে তৃণমূল নেতাদের ভোট হয়। এতে ইউনিয়ন যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম ২৬ ভোট পান। অন্য প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলাম ১৬, সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম ১৮ ও সদস্য ময়নুল ইসলাম ২ ভোট পান। ভোট গণনা শেষে পরাজিত প্রার্থীর লোকজন ব্যালটসহ কাগজপত্র ছিনতাই করে নেন। ভোটে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য তহমিদার রহমান ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক কামরুল হাসান।
জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ‘হামিদুলসহ তাঁর লোকজন ওই ছিনতাইয়ের ঘটনা ঘটান। তিনি তৃণমূল নেতাদের সমর্থন হারিয়ে আমার রায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।’ তবে হামিদুল বলেন, ‘ভোট শেষ হওয়ার আগে কিছু লোকজন হুরাপাড়া করে ভোটের বাক্স নিয়ে যায়। সে সময় আমি বাইরে ছিলাম। আমি তাঁদের চিনি না। এমন কাজের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’
এ ব্যাপারে কামরুল হাসান বলেন, তৃণমূলের ভোটে জাহাঙ্গীর বিজয়ী হয়েছিলেন। কাগজপত্র তৈরির সময় পরাজিত প্রার্থীর লোকজন এতে হামলা চালিয়ে কিছু ভোট ছিনিয়ে নিয়ে যান। এ কারণে ফলাফল নিশ্চিত হওয়া সত্ত্বেও বিজয়ী প্রার্থীকে লিখিত দেওয়া যায়নি। তবে আপস মীমাংসার চেষ্টা করা হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আপাতত ওই ইউনিয়নের প্রার্থী নির্বাচন স্থগিত রয়েছে। এ ব্যাপারে নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন খান বলেন, সেখানে পক্ষে-বিপক্ষে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পাঠানো হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়নি। তাঁরা নিজেরাই শান্ত হন।