আ.লীগের প্রার্থীর বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেন তালুকদারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে স্বতন্ত্র প্রার্থী বাবুল মোল্লার সমর্থকেরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, ৩১ অক্টোবর নড়িয়া উপজেলার নশাসন ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগের মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ওই ইউপির বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবুল মোল্লা।
দেলোয়ার হোসেন তালুকদার বলেন, ‘বাবুল মোল্লার সন্ত্রাসী বাহিনী আমার নির্বাচনী প্রচারণায় বাধার সৃষ্টি করে। আমার প্রচারণার মাইক ও কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করেছে। এমনকি আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না। তারা আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’
বাবুল মোল্লা বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর বাড়িতে হামলা করার ক্ষমতা আমার নেই। ভোটের পরিবেশ খারাপ করার জন্য মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি জনবিচ্ছিন্ন হওয়ায় জনগণই তাঁকে প্রতিরোধ করছে।’
রিটার্নিং কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার একটি অভিযোগ করেছেন।’