আ.লীগের প্রার্থীর হুমকিতে স্বতন্ত্র প্রার্থী এলাকাছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনকে প্রচারণায় বাধা, মিথ্যা মামলায় জড়ানোর হুমকি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। ভয়ে এলাকা ছেড়ে চলে গেছেন ওই প্রার্থী।
এ বিষয়ে ওই প্রার্থী গত সোমবার বিকেলে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ, সন্ত্রাসীদের গ্রেপ্তার, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার এবং জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।
৩১ মার্চ অনুষ্ঠেয় নাংলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন এবং আওয়ামী লীগের প্রার্থী মো. মাহফুজুল হক।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন গত শনিবার প্রচারণার জন্য দেওয়াবাড়ি গ্রামে যান। সেখানে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষের ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল জাকির ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়। তারা তাঁকে মারধর করে ও ভয় দেখায়। পরে পুলিশের সহযোগিতায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি। এ সময় ওই প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এরপর সন্ত্রাসীরা ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে জাকিরের বাড়ির আশপাশে মহড়া দেয়। গত রোববার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যান জাকির।
জাকির হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর ভাই মো. জিন্নাহ নির্বাচন থেকে তাঁকে ((জাকির) সরে দাঁড়াতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করার হুমকি দেন। সন্ত্রাসী বাহিনী দিয়ে তাঁর সমর্থকদের মারধর ও ভয় দেখানো হয় এবং নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়। এ বিষয়ে গত শনিবার মেলান্দহ থানায় অভিযোগ দিতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমূল ইসলাম তা না নিয়ে, উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেন। এ অবস্থায় জীবনের নিরাপত্তা না থাকায় তিনি নির্বাচনী প্রচারণা বন্ধ করে এলাকা ছেড়ে চলে যান।
ওসি নাছিমূল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গত শনিবার নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ওই স্বতন্ত্র প্রার্থী পুলিশি সহযোগিতা চেয়েছিল। আমি সঙ্গে সঙ্গে তাঁকে পুলিশি নিরাপত্তা দিয়ে বাড়িতে পৌঁছে দিই। এর আগেও তিনি নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। তাহলে অভিযোগ নিলাম না কোথায়। এরপর তিনি তো আমাকে কোনো অভিযোগ দেননি, তাহলে নেব কীভাবে। নির্বাচন কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগ প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মো. মাহফুজুল হক বলেন, ‘আমাকে হেয়প্রতিপন্ন করতেই তিনি এসব অভিযোগ করছেন। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা বরং আমার বিভিন্ন এলাকার পোস্টার ও প্রচারের একটি মাইক ছিনিয়ে নেয়। তিনি নির্বাচনে পরাজয়ের ভয়ে ইচ্ছা করেই এলাকা ছেড়ে চলে গেছেন। তিনি এলাকায় এসে প্রচারণা চালালে আমি সহযোগিতা করব।’