আ.লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরুদাসপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাসানের সমর্থক তহিদুলের ঘরে প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত আসবাব। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
গুরুদাসপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাসানের সমর্থক তহিদুলের ঘরে প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত আসবাব। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়ন পরিষদে (ইউপি) পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মণ্ডল মেহেদী হাসানের সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধারাবারিষা গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থী ও নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল মতিনের সমর্থকেরা হামলার সঙ্গে জড়িত বলে ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস গতকাল শুক্রবার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর চেয়ারম্যান আবদুল মতিনের মুঠোফোনে খবর আসে, ধারাবারিষা বাজারপাড়া এলাকায় তাঁর সমর্থকদের মারধর ও গরু লুটপাট করছেন দলের বিদ্রোহী প্রার্থী মেহেদী হাসানের সমর্থকেরা। এর সত্যতা যাচাই না করেই চেয়ারম্যানের সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর অন্ততপক্ষে সাতজন সমর্থকের বাড়িতে তাণ্ডব চালান। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল দুপুরে ধারাবারিষা গ্রামে গিয়ে জিয়াউর রহমান, নিজাম মিয়া, তহিদুল ইসলাম, তয়েজ মিয়া ও তাজেম আলীর বাড়িতে হামলার স্পষ্ট চিহ্ন দেখা যায়। টিনের বেড়াগুলো কোপানো এবং আসবাব ভাঙা, মেঝেতে ছড়ানো-ছিটানো। বাড়িগুলোতে কোনো পুরুষ নেই।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কয়েকজন নারী সদস্য বলেন, বৃহস্পতিবার ইফতারের কিছুক্ষণ পরই ৫০-৬০ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে তাঁদের বাড়িঘরে হামলা চালায়। তাঁরা পালিয়ে বাঁচেন। এ সুযোগে হামলাকারীরা টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে।

তাজেম আলীর স্ত্রী পিয়ারা বেগম বলেন, ‘ঈদের এক দিন পর ছেলের বিয়ে। সোনাদানা কিনেছিলাম। বাজারঘাট করা হয়েছিল। চেয়ারম্যানের লোকজন হামলা চালিয়ে সব লুট করেছে।’

বিদ্রোহী প্রার্থী হাসানের সমর্থক তমেজের ঘরের টিনের বেড়ায় কুপিয়েছে প্রতিপক্ষের লোকজনl প্রথম আলো
বিদ্রোহী প্রার্থী হাসানের সমর্থক তমেজের ঘরের টিনের বেড়ায় কুপিয়েছে প্রতিপক্ষের লোকজনl প্রথম আলো


তয়েজ মিয়ার স্ত্রী স্বপ্না বেগম বলেন, তাঁরা মাস খানেক আগে টিনের দুটি নতুন ঘর বানিয়েছিলেন। মতিন চেয়ারম্যানের লোকজন কুপিয়ে টিনের বেড়াগুলো ক্ষতবিক্ষত করেছেন। লুটপাট করা হয়েছে ঘরের যাবতীয় মালামাল।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেহেদী হাসান বলেন, তৃণমূলের ভোটে তিনি দলের প্রার্থী ছিলেন। কিন্তু উচ্চপর্যায়ে তদবির করে মতিন দলীয় প্রতীক পান। প্রভাব খাটিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। ৪ জুন ভোটের পর থেকে তাঁর লোকজন অত্যাচার শুরু করেছেন।
এদিকে এসব বিষয়ে কথা বলতে চেয়ারম্যান আবদুল মতিনের বাড়িতে গেলে তিনি ঘুমাচ্ছেন বলে পরিবারের সদস্যরা জানান। তাঁর বড় ভাই আবদুল মজিদ দাবি করেন, হাসানের এলাকায় আওয়ামী লীগের দলীয় ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর এবং দলীয় এক কর্মীকে মারধর করা হয়েছে। এতে মতিনের সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে কয়েকটি বাড়িতে হামলা চালান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, হাসান তৃণমূলের প্রার্থী ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে হাসানের সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে।
গতকাল রাত আটটায় ওসি দিলীপ কুমার দাস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।