নড়াইলের বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতা চলছেই। নির্বাচনে বিজয়ী নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ফকিরসহ ১৫ জন আহত হয়েছেন। দুটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
নৌকা প্রতীকের সমর্থকদের ভয়ে পরাজিত প্রার্থীর সমর্থকেরা গ্রামছাড়া। হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাউকেই পুলিশ আটক করেনি। পুলিশের উপস্থিতিতেই তারা হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে।
গতকাল সোমবার দুপুরে নির্বাচনে পরাজিত রফিকুল ফকিরের স্ত্রী লিমা আসমা এক সংবাদ সম্মেলনে এ ধরনের অভিযোগ করেন। নড়াইল পৌরসভার কুড়িগ্রামের নিজ বাড়িতে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, ‘৭ মে বাশগ্রাম ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম বিজয়ী হন। আমার স্বামী রফিকুল ফকির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। নির্বাচনের পর থেকে আমার স্বামীর কর্মী-সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুরসহ লুটপাট করা হচ্ছে। গত শনিবার নাজমুল ইসলাম, শহিদুল্লাহসহ ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। দাড়িয়াপুর গ্রামের কেরামত শিকদার ও হাফিজার বিশ্বাসের বাড়ি ভাঙচুরসহ লুটপাট করে। একই দিন সন্ধ্যা সাতটার দিকে আমার স্বামীকে নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠের পাশে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। তাঁকে নড়াইল সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার দুপুরের দিকে দাড়িয়াপুর গ্রামের ওষুধ ব্যবসায়ী বিল্লাল বিশ্বাস দোকান খুলতে গেলে তাঁকে মারধর করা হয়। পরে ঘটনাস্থলে থাকা পুলিশের কাছে আশ্রয় নিয়ে তিনি রক্ষা পান। সন্ধ্যার দিকে হোগলাডাঙ্গা বাজারের ব্যবসায়ী শিমুল শিকদারসহ তিনজনকে কুপিয়ে আহত করে। তাঁদের নড়াইল সদর হাসপাতাল ও ঢাকায় ভর্তি করা হয়েছে। হামলার আশঙ্কায় দাড়িয়াপুর, হোগলাডাঙ্গাসহ পাঁচটি গ্রামের রফিকের সমর্থকেরা গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।’
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস কুমার বিশ্বাস বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তিনি দাবি করেন এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত।