পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত শুক্রবার রাতে রাঙ্গাবালী থানায় মামলা হয়েছে। এতে বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা ও বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলামসহ ৭৪ জনের নাম উল্লেখসহ ২০৪ জনকে আসামি করা হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী মো. হানিফ মিয়া এ মামলা করেন। এজাহারে আসামিদের বিরুদ্ধে হত্যার চেষ্টা, প্রাণনাশের হুমকি, মারধর, ছিনতাই, ঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা বলেন, ‘আমার নির্বাচনকে পণ্ড করার জন্য আমার নির্বাচনী কর্মীদের মামলা দিয়ে এলাকাছাড়া করতে হানিফ মিয়া ও তাঁর লোকজন পূর্বপরিকল্পিতভাবে গত বৃহস্পতিবার চরবেস্টিন বাজার ও নলুয়া বাজারে অরাজকতা সৃষ্টি করেন। তাঁরা গায়ে পড়ে আমার কর্মীদের সঙ্গে বিবাদ সৃষ্টি করে থানায় গিয়ে মামলা করেছেন।’
জানতে চাইলে রাঙ্গাবালী থানার ওসি মো. শামসুল আরেফীন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চরমোন্তাজের চরবেস্টিন বাজার ও নলুয়া বাজারে কয়েক দফার ওই সংঘর্ষে উভয় পক্ষের ২৬ জন আহত হন। সংঘর্ষ চলাকালে চরবেস্টিন বাজার ও নলুয়া বাজারের ৪২টি দোকানে ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। দুই পক্ষের সমর্থকদের নয়টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।