আ.লীগের ব্যানারে সরকারি ত্রাণ বিতরণ!
লালমনিরহাট সদর উপজেলায় গতকাল শনিবার বন্যাদুর্গত ৪০০ পরিবারের মধ্যে দলীয় ব্যানারে সরকারি ত্রাণ বিতরণ করেছে আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলের দুই সাংসদসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার রাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় চত্বরে গতকাল সকালে তালিকাভুক্ত ১০০ দুর্গত পরিবারকে ১০ কেজি করে জিআরের চাল ও নগদ এক হাজার টাকা দেওয়া হয়। পরে খুনিয়াগাছ, মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নেও ৩০০ পরিবারের মধ্যে সমপরিমাণ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় চারটি ইউনিয়নেই আওয়ামী লীগের ব্যানার টানানো হয়।
এসব ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য খায়রুজ্জামান লিটন এবং লালমনিরহাট-৩ আসনের সাংসদ আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলাল।
নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, দলীয় ব্যানারে সরকারি চাল ত্রাণ হিসেবে বিতরণ করা হলে তা নিয়ে আলোচনা-সমালোচনা হতে পারে বলে আগেই জানানো হয়েছিল। কিন্তু ঊর্ধ্বতনরা বিষয়টি আমলে নেননি।
দলীয় ব্যানারে ত্রাণ বিতরণ প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ আবু সালেহ প্রথম আলোকে বলেন, ‘সরকার আওয়ামী লীগের, আমি আওয়ামী লীগের এমপি। কাজেই এতে দোষের কিছু দেখছি না।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন বলেন, ‘কোন খাতের চাল দেওয়া হয়েছে, সেটা আমার জানা ছিল না। তবে গরিব মানুষ আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ পেয়েছে, এটাই বড় কথা।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নূর মো. সামসুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল হক প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সামসুজ্জামান বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জিআরের চাল দেওয়া হয়েছিল বলেই আমরা বিতরণের সময় উপস্থিত ছিলাম।’ আওয়ামী লীগের ব্যানারে ত্রাণ বিতরণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ইউএনও বিষয়টি এড়িয়ে যান।