নোয়াখালীর হাতিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত আটটার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের তাহেরা স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র এ কে এম ইউছুফ আলী বলেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় দলের ‘বিদ্রোহী’ প্রার্থী সাইফ উদ্দিনের কর্মীরা তাঁর কর্মী মো. বেলাল হোসেনের (২৮) ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা বেলালকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. সাইফ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মীদের হামলায় বেলাল আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।