আ.লীগের মেয়র প্রার্থীর সমর্থককে মারধর
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থককে মারধর এবং তাঁর টাকাপয়সা ও মুঠোফোন কেড়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে।
ওই ঘটনার জন্য আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. হাবিবুর রহমান স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুছ ছাত্তারের সমর্থকদের দায়ী করেছেন।
জানা যায়, এই ঘটনার পর গতকাল শনিবার দুপুরের দিকে শহরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় নেতারা জড়ো হন। সেখানে হামলার শিকার উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাজির করেন মেয়র প্রার্থী হাবিবুর রহমান। আওয়ামী লীগের নেতাদের সামনে জাকির এ সময় অভিযোগ করেন, হামলাকারীরা স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুছ ছাত্তারের সমর্থক।
হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আবদুছ ছাত্তার বলেন, ‘সরকার আর প্রশাসন আওয়ামী লীগের। আর তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী। তাঁর দাপটে আমিই তো কোণঠাসা অবস্থায় আছি।’