আ.লীগের সংঘর্ষে প্রাণ গেল নিরীহ ব্যক্তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে টেঁটাবিদ্ধ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। নিহত ব্যক্তির নাম রিয়াজুল করিম ওরফে সেন্টু (৪২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এ বছর উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকেই কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি হাবিবুল বাহার। অপর পক্ষে আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহীম।
গত বৃহস্পতিবার ইব্রাহীমের পক্ষের কর্মী ফরিদ মিয়াকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এর কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, টেঁটা, দা, ছেনিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় ওই সংঘর্ষের সময় বাজারের কমপক্ষে ২০টি দোকান ও আশপাশের ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বাজারে ডিম কিনতে যান রিয়াজুল। হঠাৎ তিনি দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে বুকে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রিয়াজুলের দুটি শিশুসন্তান রয়েছে।
হাবিবুল বাহার ও মোহাম্মদ ইব্রাহীমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। তিতাস উপজেলা আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান মো. শাহিনুল ইসলাম বলেন, কয়েক দিন পরপরই বাহার ও ইব্রাহীম মারামারি করেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক আবদুল হান্নান বলেন, ছয়জনকে আটক করা হয়েছে। রিয়াজুলের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। থানায় কোনো মামলা হয়নি।